পুনরায় হ্যাকিংয়ের শিকার যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত
২০২০ সালে সোলারউইন্ড সাইবার হামলার শিকার হয় যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। এর পরবর্তীতে ২০২১ সালের প্রথম দিকেই স্পর্শকাতর নথিপত্রের বেলায় প্রযুক্তি নির্ভরতা কমানোর ঘোষণা দিয়েছিল দেশটির আদালত ব্যবস্থা। তবে দুর্বলতা থেকেই গেছে, সেটি আবারও প্রমাণিত হলো। কারণ আবারও হ্যাকিংয়ের শিকার হয়েছে ফেডারেল আদালত।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের নথি সংরক্ষণ ব্যবস্থা হ্যাকিংয়ের শিকার হয়েছিলো। ওই ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে মার্চ মাসেই দেশটির ’জুডিশিয়ারি’ বিভাগকে জানিয়েছে ‘ডিপার্টমেনট অফ জাস্টিস (ডিওজে)’। কিন্তু ডিওজে ওই ঘটনার নানা তথ্য জনগন ও কংগ্রেসের কাছ থেকে চেপে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, নথি সংরক্ষণ ব্যবস্থার নিরাপত্তা ব্যর্থতার পেছনে ‘তিন দেশের হ্যাকারদের’ হাত ছিলো। তবে, এই ঘটনায় কোন দেশগুলো জড়িত ছিলো সে বিষয়ে কোনো তথ্য দেননি ডিওজের সাইবার নিরাপত্তা কর্মকর্তারা।
হ্যাকাররা আদালতের নথি সংরক্ষণ ব্যবস্থায় কীভাবে অনুপ্রবেশ করেছিল অথবা কোন কোন ফাইলে প্রবেশাধিকার পেয়েছিল সে তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করেনি মার্কিন কর্তৃপক্ষ। ডিওজে কর্মকর্তারা কবে নাগাদ হ্যাকিংয়ের বিষয়টি আবিষ্কার করেন, সেটিও স্পষ্ট নয় বলে জানিয়েছে ভার্জ।
ডিবিটেক/বিএমটি